বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শার্ট, প্যান্ট, জুতা দেখে বোঝা গেল কঙ্কালটি শিশু সোহানের

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ির ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আবর্জনার স্তুপ থেকে মানুষের একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানিয়েছেন, কঙ্কালটি প্রায় মাস খানেক আগে নিখোঁজ হওয়া এক শিশুর বলে দাবি করেছে তার স্বজনরা। কঙ্কালের পাশে থাকা শার্ট, প্যান্ট ও জুতা দেখে কঙ্কালটি ওই শিশুর বলে শনাক্ত করে স্বজনেরা।

শিশুটির নাম সোহান (১০)। সে শ্রীপুর পৌর এলাকা বহেরারচালা গ্রামের আব্বাস আলীর ছেলে। সোহান ওই গ্রামের আবুল প্রধান কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান জানান, আলামত দেখে প্রাথমিকভাবে তাঁদের ধারণা, আবর্জনার স্তুপে মরদেহটি পুড়িয়ে ফেলা হয়েছিল।

ছবি: নিখোঁজ সোহান।

সোহানের মা নাজমা বেগম জানান, গত ৩ আগস্ট বিকেলে পাশের লিচু বাগান এলাকায় তাঁর বোনের বাসায় যায় সোহান। বোনের কাছ থেকে ২০ টাকা নিয়ে সোহান পাশে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যায় প্রতিবেশী সফর উদ্দিনের ছেলে আজিজুল হকের সঙ্গে সোহানকে দেখেছে কয়েকজন। নাজমা বেগম অভিযোগ করেন, আজিজুল মাদকাসক্ত। তাঁর ছেলেকে তুলে নিয়ে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে গুমের চেষ্টা করেছিল আজিজুল। ঘটনার পর থেকে আজিজুল পলাতক রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, কঙ্কালটি নিখোঁজ শিশু সোহানের কি না তা নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com