বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

রংপুরের নদ-নদীর সরেজমিন তথ্য সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রংপুর জেলার নদ-নদীর তথ্য সংগ্রহ, অবস্থা পরিদর্শনসহ সবগুলো নদী তালিকাভুক্ত করার সরেজমিন কাজ শুরু হয়েছে। প্রবাহমান নদ-নদীর তালিকা তৈরি, পুস্তক আকারে প্রকাশ, সংরক্ষণ ও ওয়েবসাইটে প্রকাশনা সংক্রান্ত সম্পাদনা পরিষদ আজ মঙ্গলবার কাউনিয়া উপজেলার মানাস-বুড়াইল ও রংপুর-পীরগাছা উপজেলা দিয়ে প্রবাহিত বুড়াইল নদ সরেজমিন পরিদর্শন করেন।

এসময় কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, সদস্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সিনিয়র উপসহকারী প্রকৌশলী ফজলুল হক উপস্থিত ছিলেন।

ড. তুহিন ওয়াদুদ বলেন, জেলাভিত্তিক সরেজমিন অনুসন্ধান সাপেক্ষে নদীগুলো তালিকাভুক্ত করা গেলে দেশের প্রায় বিলুপ্ত হওয়া নদীগুলো সরকারি পরিচর্যার আওতায় আনা সম্ভব। এ কাজটি বাংলাদেশে একটি দৃষ্টান্ত হবে।

শুকরিয়া পারভীন বলেন, হারিয়ে যাওয়া নদীগুলো আমরা তালিকাভুক্ত করতে চাই। এ কাজ করতে যত সহায়তা প্রয়োজন আমরা করব।

জেলা প্রশাসক ও জেলা নদী রক্ষা কমিটির সভাপতি আসিব আহসান বলেন, নদীর বর্তমান ও অতীত অবস্থা তুলে ধরা ও পুনরুদ্ধার করার লক্ষ্যে এ কাজ করা হচ্ছে। পরবর্তী প্রজন্মও নদীর সংখ্যা, নদীর ইতিবৃত্ত জানতে পারবে। একইসাথে নদীগুলোর একটি ভিডিও ডকুমেন্টারি গঠনের কাজও সম্পন্ন হবে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com