বুধবার, ০৮ Jul ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঝিনাইদহের মহেশপুরে অ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে মাদক পরিবহনের সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে মহেশপুর উপজেলা শহরের পোস্ট অফিস মোড় থেকে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলেন- যশোর জেলা শহরের ইমরান হোসেন, রুবেল হোসেন ও মাজহারুল ইসলাম। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় ফেনসিডিল ও গাঁজা। জব্দ করা হয়েছে একটি অ্যাম্বুলেন্স। মঙ্গলবার আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, মহেশপুর উপজেলার যাদবপুর এলাকা থেকে ভারত থেকে আনা ফেনসিডিল একটি অ্যাম্বুলেন্সে করে পাচার করা হচ্ছে মর্মে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। উপজেলা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় আসামাত্র অ্যাম্বুলেন্সটি ঘিরে ফেলে পুলিশ।
অ্যাম্বুলেন্সটি তল্লাশি করে উদ্ধার করা হয় ২২৫ বোতল ফেনসিডিল ও ৮ কেজি গাঁজা। এ সময় আটক করা হয় ওই ৩ মাদক ব্যবসায়ীকে। এ ঘটনায় সংশ্লিষ্ট মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
নগর কন্ঠ.কম/এআর