বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

রামেক হাসপাতালে চিকিৎসক ও রোগীর স্বজনদের হাতাহাতি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে পারুল বেগম (৬৫) নামে এক রোগীর মৃত্যু নিয়ে শিক্ষানবিশ চিকিৎসক ও স্বজনদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটেছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের ৪৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর মৃত রোগীর ছেলে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দুপুরে মৃত রোগীর স্বামী ইসাহাক আলী, ছেলে রাকিবুল ইসলাম এবং তার বন্ধু মোস্তাফিজের নাম উল্লেখসহ আরও তিনজনকে অজ্ঞাত আসামি করে ইন্টার্ন চিকিৎসকদের মারধরের অভিযোগে মামলা করেছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাকিবুলকে আদালতে পাঠিয়েছে মহানগরীর রাজপাড়া থানা পুলিশ। রাকিবুল ইসলামের বাড়ি রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল ৮টায় রাকিবুলের মা পারুল বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ৪৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে মারা যান তিনি। তার মৃত্যুর পর ছেলে রাকিবুল ওই ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবিশ চিকিৎসকদের ওপর চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে চড়াও হন।

এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এসময় ওয়ার্ডে অন্যান্যরা রাকিবুলকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রাকিবুলকে আটক করে রাজপাড়া থানায় নিয়ে যায়। ঘটনার পর শিক্ষানবিশ চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন হাসপাতাল পরিচালক। পরে মামলার সিদ্ধান্ত হয়।

রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুক্তার হোসেন থানায় মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাকিবুলকে আদালতে পাঠানো হয়েছে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com