বুধবার, ০৮ Jul ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

সীমাহীন দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যশোরের অভয়নগরে নির্মাণাধীন একটি সড়কের কাজ বন্ধ হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। বৃষ্টি হলে বালি ও কাদায় বন্ধ হয়ে যায় চলাচল। দ্রুত নির্মাণ কাজ সম্পন্নের দাবি করেছে এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, চলিশিয়া ইউনিয়নের একতারপুর থেকে পায়রা ইউনিয়নের এফডাব্লিউসি পর্যন্ত নতুন এ সড়কের নির্মাণ কাজের ব্যয় ৬৮ লাখ ২৩ হাজার টাকা। এর মধ্যে সড়কটির সাব বেজের কাজ সম্পন্ন হয়েছে। মেকাডম ও কার্পেটিং এর কাজ বাকি। ঝিনাইদহ জেলার ইমন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করছে।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন সড়কের কাজ বন্ধ আছে। রাস্তার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্নস্থানে বৃষ্টির পানি জমে বালি ও কাদায় চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বালু ও কাদার কারণে ছয়জন শ্রমিক মাছের পোনা ভর্তি একটি নছিমন ঠেলে সরাতে হিমশিম খাচ্ছে। স্থানীয় মৎস্য ঘের মালিক ও কৃষকরা তাদের পণ্য বাজারে নিতে চরম ভোগান্তির শিকার হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ফুল মিয়ার সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, আমাদের কাজ প্রায় সমাপ্তির পথে। বেড কাটা, বালু ফিলিং, সার্ফেস (এসএস) ও হ্যাজিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মেকাডম ও কার্পেটিংয়ের কাজ বাকি আছে। যা শেষ করতে ১২ দিন সময় লাগতে পারে। কাজ বন্ধ রাখার কারণ জানতে চাইলে তিনি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলতে অনুরোধ করেন।

উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার জানান, ওই রাস্তার কাজ প্রায় শেষের পথে। ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলের জন্য কাজ বন্ধ আছে। ২/৩ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল আসলে কাজ শুরু করা হবে।

এলাকাবাসী জানায়, প্রায় এক সপ্তাহ হয় রাস্তার কাজ বন্ধ। হাজারো মানুষের চলাচল এই রাস্তায়। গ্রামতলা ও পায়রা এলাকার শতশত মৎস্য ঘের ব্যবসায়ী ও কৃষকদের চলাচলের একমাত্র রাস্তা এটি। ঠিকাদারি প্রতিষ্ঠান ভালোভাবে কাজ করলেও হঠাৎ রাস্তার কাজ কেন বন্ধ করা হয়েছে এমন প্রশ্ন করে তারা দ্রুত সময়ের মধ্যে রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানান।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com