বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর ওয়ারীতে কিশোর মুন্না হত্যা ঘটনায় ১৩ কিশোরসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হল- বাপ্পী, ফেরদৌস, জিসান ও লাবিব। বাকি ১৩ জন কিশোর হওয়ায় তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশ বলছে, গত বছরের আশুরায় গায়ে ধাক্কা লাগা নিয়ে মারধরের জেরে এ বছর আশুরার দিনে খুন হয় মুন্না। মঙ্গলবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমেদ বলেন, গত বছরের আশুরার দিন বাকবিতণ্ডার জেরে মুন্না, তার বন্ধু বিজয়সহ কয়েকজনকে মারধর করে বাপ্পী, সায়েম ও ফেরদৌসরা।
এ বছর আশুরার দিন সকালে গত বছরের প্রতিশোধ নিতে সায়েমদের মারধর করে বিজয়-মুন্নারা। পাল্টা প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে বিকালে বাপ্পী এবং সায়েমরা আবার সংগঠিত হয়ে মুন্না ও তার বন্ধুদের মারধর করে। এতে মুন্না নিহত হয়।
ডিসি শাহ ইফতেখার বলেন, ৩০ আগস্ট গোবিন্দ জিউ মন্দিরের কাছে মুন্না ও শাহিনকে কয়েকজন মিলে চাকু এবং লোহার রড দিয়ে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মুন্নাকে মৃত ঘোষণা করেন।
আহত শাহিন গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও সংকটাপন্ন। এ ঘটনায় মুন্নার বাবা বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ৩১ আগস্ট ওয়ারী থানায় মামলা করেন। পরবর্তীতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।
নগর কন্ঠ.কম/এআর