বুধবার, ০৮ Jul ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের একদিন পর আসলাম মিয়া (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের কুর্নী মহেড়া বিলে রেল লাইনের ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

আসলাম কুর্নী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি আসলাম কাতার থেকে দেশে ফিরে আসে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তার মাকে নুডুলস তৈরির কথা বলে বাড়ির বাইরে যায়। কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরে আজ দুপুরের দিকে স্থানীয়রা ওই বিলের উপর বঙ্গবন্ধু সেতু রেললাইনের একটি ব্রিজের নিচে তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

এই ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বলেন, ‘নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com