বুধবার, ০৮ Jul ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

বগুড়ায় সেবা গ্রহীতাদের ফোনেই তথ্য দিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সেবা গ্রহীতাদের মোবাইল ফোনে তথ্য দেওয়া শুরু করেছে বগুড়া জেলা পুলিশ। থানায় মামলা অথবা জিডি করলে অভিযোগকারীকে এখন থেকে তথ্য পাওয়ার জন্য থানায় ঘুরতে হবে না। মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পেয়ে যাবেন সকল তথ্য।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী।

তিনি জানান, এখন থেকে জিডি অথবা মামলার আবেদনকারীকে মোবাইল ফোনে খুদে বার্তায় তার অভিযোগ বিষয়ে তদন্তকারী কর্মকর্তার নাম এবং মোবাইল নম্বরসহ যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া হবে।

গত ২ সেপ্টেম্বর থেকে জেলার ১২ থানায় এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিটি থানার ডিউটি অফিসারের সরকারি মোবাইল ফোন নম্বর থেকে এই বার্তা প্রেরণ করা হচ্ছে। প্রথম দিন ২ সেপ্টেম্বর জেলায় ৬১ জন আবেদনকারীর কাছে এমন বার্তা প্রেরণ করা হয়েছে। পরদিন ৩ সেপ্টেম্বর আরো ৫৯ জন একই ধরনের সেবা পেয়েছেন। গত দুই দিনে সেবা পাওয়ার ১২০ জনের মধ্যে বগুড়া সদর থানায় প্রথম দিন ২১ জন এবং পরদিন ৩০ জনকে মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে তথ্য দিয়ে সেবা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি হুমায়ুন কবীর।

এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, পুলিশের সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে চালু হওয়া এই সেবা বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা তত্ত্বাবধানে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com