বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

নবীনগরে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে দূর্গোৎসব পালনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সরকার থেকে পাওয়া বিধিমালা ও স্বাস্থ্যবিধি মেনে আসন্ন শারদীয় দূর্গোৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার নবীনগর কালীবাড়িতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নবীনগর উপজেলা শাখা আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিষদের সভাপতি অজন্ত ভদ্র এতে সভাপতিত্ব করেন। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিনয় চক্রবর্তীর উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সিনিয়র সহসভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু, সাংগঠনিক সম্পাদক মানিক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সদস্য বিপুল সাহা, খোকন আচার্য, সরস্বতী বর্মন, খোকন বর্মন প্রমুখ।

এ সময় নবীনগরের কৃতী সন্তান সাংবাদিক আবদুল কাইয়ুম তুহিন আকস্মিকভাবে সভাস্থলে এসে পৌঁছলে তাকে পরিষদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। পরে বিশিষ্ট এই সাংবাদিক কাইয়ূম তুহিন তাঁর বক্তব্যে আসন্ন শারদীয় দূর্গোৎসবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের পাশাপাশি কৃচ্ছতা সাধন করে পূজো থেকে কিছুটা অর্থ সাশ্রয় করে করোনায় ক্ষতিগ্রস্থ হতদরিদ্রদের মাঝে বিতরণ করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। পরে পরিষদের সভাপতি অজন্ত ভদ্র এ আহ্বানকে সমর্থন জানিয়ে এ বছর প্রায় ১২০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে মত প্রকাশ করেন।

এর আগে সভার শুরুতে সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি বন্ধু প্রণব মুখার্জি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীরউত্তম খেতাবপ্রাপ্ত মেজর জেনারেল (অব.) সি আর দত্ত ও আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা নবীনগরের সাধন দেবের স্ত্রী প্রাক্তন শিক্ষিকা ও সঙ্গীত গুরু ননী বালা ব্রহ্মের মৃত্যুতে শোক প্রস্তাব আনেন পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু। এ সময় প্রয়াতদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

নগর কন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com