বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের শ্রীপুরে রাসেল মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টার দিকে লবলং সাগরের পাড় (বিলাইঘাটা) এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাসেল শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিংদীঘি গ্রামের সুজন মিয়ার ছেলে। তিনি বারতোপা এলাকার শিশু কানন একাডেমিতে শিক্ষকতা করতেন।
নিহতের চাচাতো ভাই শরাফত আলী বলেন, শনিবার বিকালে পাশের বাড়ির আবুবকর মণ্ডল ওরফে বাক্কা মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল রাসেলকে ডেকে নিয়ে যায়। পরে রাতে রাসেল বাসায় না ফেরায় আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাওয়া যায়নি।
সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে লবলং সাগরের পাড়ে (বিলাইঘাটা) এলাকায় একটি মরদেহ পড়ে খবর পাই। সেখানে গিয়ে ওই মরদেহটি রাসেলের বলে শনাক্ত করি।
স্থানীয় বাসিন্দারা জানান, উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। জমিসংক্রান্ত বিরোধের ঘটনার জেরেও হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে।
শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ রাতের আঁধারে এখানে কেউ ফেলে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নগর কন্ঠ.কম/এআর