বুধবার, ০৮ Jul ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

করিমগঞ্জে কৃষক বদিউর হত্যাকাণ্ডে একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক বদিউর রহমান হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় মামলার অপর নয় আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আজ রোববার সকালে কিশোরগঞ্জের এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ১৫ আসামির উপস্থিতিতে এ রায় দেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুস সাত্তার পলাতক রয়েছেন। তিনি করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামের মৃত একরাম হোসেনের ছেলে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, তবারক হোসেন, আনোয়ার হোসেন, মো. মেনু মিয়া, আবু তাহের ও নূরুল ইসলাম। তারাও দক্ষিণ ধীতপুর গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তবারক আপন ভাই।

মামলার বিবরণ থেকে জানা যায়, কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের দক্ষিণ ধীতপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ২৪ জুলাই বেলা ১২টার দিকে একই গ্রামের আব্দুস ছাত্তারসহ তার লোকজন গ্রামের রাস্তার পাশে বৃদ্ধ কৃষক বদিউর রহমানকে বল্লম দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আহত হন তার ছেলে গোলাপসহ আরও বেশ কয়েকজন।

এ ঘটনায় নিহতের ছেলে গোলাপ মিয়া বাদী হয়ে ২৬ জুলাই করিমগঞ্জ থানায় ১৭জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালে আব্দুল বারেক নামে একজন আসামি মারা যান। মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল সিদ্দিক ২০১৩ সালের ২৬ নভেম্বর মামলার সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন জীবন চন্দ্র রায়। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অশোক সরকার।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com