বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বেতনের দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ, মেয়র-সচিবের কক্ষে তালা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৌরসভার ভবনে বকেয়া বেতনের দাবিতে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও সেবাবঞ্চিত নাগরিকরা আজ রবিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বিক্ষোভ করেছে। পরে তারা মেয়র, সচিব ও হিসাবরক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে বন্ধ করে কর্মবিরতির ঘোষণা দেয়।

পৌরসভা কার্যালয় সূত্র জানায়, মেয়র রুকুনুজ্জামান রোকন ভাস্কর্য ভাঙচুর ও ডিজিটাল নিরাপত্তা আইনের পৃথক দুটি মামলায় ১৫ মে থেকে পলাতক রয়েছেন। এতে কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীদের বেতন-ভাতা মাসের পর মাস বকেয়া পড়ে আছে। কাউন্সিলরদের সম্মানী বাকি প্রায় ১৯-২০ মাস ধরে। এতে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে।

পরিচ্ছন্নতাকর্মীরা কাজ বন্ধ করে দেওয়ায় পৌর এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। মেয়র পলাতক থাকায় কর্তৃপক্ষ কাউকে মেয়রের দায়িত্ব না দেওয়ায় পৌর কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা বেতন না পেয়ে রবিবার পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেন। তারা মেয়র, সচিব ও হিসাবরক্ষকের কক্ষে তালা দিয়ে অনির্দিষ্টকালের জন্য সকল কার্যক্রম বন্ধ করে দেয়।

পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী জানান, মেয়রের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তাই তিনি পৌর কার্যালয়ে আসেন না। কর্তৃপক্ষ কাগজপত্রে স্বাক্ষর দেওয়ার মতো কাউকে মেয়রের দায়িত্ব দেয়নি। নাগরিক সেবা বঞ্চিত হচ্ছেন পৌর জনগণ। অপরদিকে পরিচ্ছন্নতাকর্মীরা বেতনের দাবিতে পৌরসভা কার্যালয় তালাবদ্ধ করে দেওয়ায় অচলাবস্থা বিরাজ করছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com