বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তের নন্দইল গ্রাম থেকে ফরিদুল ইসলাম (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গরু ব্যবসায়ী পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকার মৃত আফাজ উদ্দীনের ছেলে।
স্থানীয় ধরঞ্জি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান সকালে গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে একজনের মৃতদেহ দেখে আমাকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি জানান, ফরিদুল গরুর ব্যবসা করত।
মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী পাঁচবিবি থানা পুলিশের এসআই ফারুক হোসেন জানান ধারনা করা হচ্ছে কীটনাশক জাতীয় তরল কিছু খাওয়ার কারণে ফরিদুলের মৃত্যু হয়ে থাকতে পারে।
এদিকে গরু ব্যবসায়ীর ছোট ছেলে তারেক হাসান অভিযোগ করেন, তার বাবাকে হত্যা করা হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ফরিদুলের মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর কারণ। তিনি জানান, ছেলে তারেক হাসান থানায় ইউডি মামলা দায়ের করেছে।
নগরকন্ঠ.কম/এআর