বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

এমসিসি ন্যাশনাল কেসফোগ্রাফিক চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন ঢাবি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের আয়োজনে ‘এমসিসি ন্যাশনাল কেসফোগ্রাফিক চ্যালেঞ্জ ২০২০’ প্রতিযোগিতাটি শেষ হয়েছে। ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ব্লাইন্ড চ্যাম্প। এ ছাড়াও ফার্স্ট রানারআপ হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, নর্থ সাউথ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির টিম জিরো টু ওয়ান এবং সেকেন্ড রানারআপ খুলনা বিশ্ববিদ্যালয়ের টিম টাস্ক ফোর্স ১৪১। গতকাল শনিবার অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করে আয়োজকরা।

জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে প্রতিযোগিতাটির জন্য গত ১৯ জুলাই অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে ১১ আগস্ট শেষ হয়। এতে দেশের সরকারি-বেসরকারি স্বনামধন্য ১৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে ১৭৫টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন রেজিস্ট্রেশন করে। ১৭৫টি দল থেকে ২৬টি বাছাইকৃত দল তাদের দক্ষতা প্রর্দশনের মাধ্যমে নক আউট রাউন্ডে কোয়ালিফাই করে সমাধানকৃত বিজনেস কেসগুলো ইনফোগ্রাফিকের মাধ্যমে উপস্থাপন করেন। পরে চূড়ান্ত পর্যায়ে ৭টি দল তাদের সৃজনশীল এবং অনন্য ইনফোগ্রাফিক উপস্থাপনের মাধ্যমে ফাইনাল রাউন্ডে ওঠার সুযোগ পায়।

প্রতিযোগিতার বিষয়ে ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের সহসভাপতি অর্পিতা ব্যানার্জি কালের কণ্ঠকে বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ৪৫ হাজার টাকার প্রাইজমানি এবং অন্যান্য অনলাইন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হবে। বিজনেস কেস এবং ইনফোগ্রাফিকের সমন্বয়ে এ ধরনের ভিন্নধর্মী প্রতিযোগিতা এই প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হয়েছে। মূলত শিক্ষার্থীদের করোনাকালীন এই গৃহবন্দি সময়কে কার্যক্ষম করে তোলার উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

চূড়ান্ত পর্বের অনুষ্ঠান উদ্বোধন করেন চবি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও ক্লাবের মডারেটর আবু মোহাম্মদ আতিকুর রহমান। এতে একই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুর রহমান ও ক্লাবের অ্যঅসিস্ট্যান্ট মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ হারিসুর রহমান হাওলাদার শুভেচ্ছা বক্তব্য দেন। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ম্যানেজমেন্ট কমিউনিকেশন ক্লাবের পাশে ছিল জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com