বুধবার, ০৮ Jul ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

কক্সবাজারে সময় প্রতিনিধিকে শ্বাসরোধে হত্যাচেষ্টা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজারে সুজাউদ্দিন রুবেল (২৮) নামের একজন সাংবাদিককে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। তাঁকে গলা টিপে হত্যার চেষ্টা করায় তিনি আহত হন। শনিবার মধ্যরাতের পর অফিস থেকে বাসায় ফেরার পথে ঘটে এ ঘটনা। সুজাউদ্দিন রুবেল বেসরকারি সময় টেলিভিশনের জেলা সংবাদদাতা ও স্থানীয় দৈনিক কক্সবাজার পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে দৈনিক কক্সবাজার পত্রিকায় কাজ শেষে শহরের মোহাজেরপাড়ার নিজ বাসায় ফেরার পথে জেলা পরিষদের সামনে একদল দুর্বৃত্তের কবলে পড়েন তিনি। দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে আকস্মিক জাপটে ধরে গলা টিপে ধরে। একপর্যায়ে শ্বাসরুদ্ধ হয়ে সাংবাদিক রুবেল মাটিতে ঢলে পড়লে দুর্বৃত্তরা তাঁকে ফেলে পালিয়ে যায়।

পরে মোহাম্মদ ঈসমাইল নামের একজন পথচারী রুবেলকে উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে যান। সেখান থেকে চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয় কক্সবাজার জেলা সদর হাসপাতালে। পথচারী ঈসমাইল স্থানীয় সাংবাদিক ও পুলিশকে জানান, তাঁরা কয়েকজন জেলা পরিষদের পশ্চিম পাশে প্রেস ক্লাবের সামনে দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় তিনজন যুবককে হঠাৎ পালিয়ে যেতে দেখা যায়। একই সঙ্গে একটি অটোরিকশাও ছিল। এরপর কিছু দূরে দেখা যায়, একজন ব্যক্তি মাটিতে পড়ে রয়েছেন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তাঁকে গলা টিপে শ্বাসরোধে হত্যাচেষ্টা করা হয়েছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। আহত সাংবাদিক রুবেল জানান, অফিসের কাজ শেষ করে হেঁটে বাসায় ফেরার সময় হঠাৎ পেছন থেকে এসে তাকে গলা টিপে ধরে। ওই সময় অটোরিকশাচালকসহ চারজন ছিলেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, তাঁর পকেটে টাকা ছিল। কিন্তু দুর্বৃত্তরা টাকা নেয়নি। তবে আইফোনসহ দুটি মোবাইল নিয়ে গেছে। সদর মডেল থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানিয়েছেন, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com