বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

টঙ্গীবাড়ির বেইলি ব্রিজ বন্ধ, ভোগান্তিতে লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেইলি ব্রিজটি বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর। এতে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ।

প্রতিদিন ১২০ মিটার এ বেইলি ব্রিজটি দিয়ে টঙ্গীবাড়ি উপজেলার ১৩ ইউনিয়নের সাধারণ মানুষ, ইছাপুরা, সিরাজদীখান, শ্রীনগরসহ রাজধানী ঢাকায় যাতায়াত করে।

ব্রিজটি বন্ধ থাকার কারণে কোনো গণপরিবহন যাতায়াত করতে পারছে না। ইতিমধ্যে ব্রিজটি খোলার জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি দিয়েছেন বাস মালিক সমিতি ও উপজেলাবাসী।

সোমবার সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার কুণ্ডেরবাজার ইছামতি নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি দুপাশে লোহার অ্যাঙ্গেল দিয়ে বন্ধ করে দিয়েছে মুন্সীগঞ্জ জেলা সড়ক ও জনপথ অধিদফতর। শুধু ইজিবাইক ও অটোগাড়ি যাতায়াত করতে পারে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ঢালী যুগান্তরকে জানান, গত ছয় মাস ধরে বেইলি ব্রিজটি বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় ব্রিজটি খোলার জন্য লিখিত আবেদন করেও লাভ হয়নি।

ব্রিজটি বন্ধ থাকায় টঙ্গীবাড়ি উপজেলার সঙ্গে রাজধানী ঢাকার বাস এসএস ও ডিএম পরিবহন বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে।

এসএস পরিবহনের মালিক সমিতির সভাপতি মো. আ. রহিম ভূঁইয়া যুগান্তরকে জানান, বেইলি ব্রিজটি বন্ধ থাকায় পরিবহন মালিকরা বিভিন্ন আর্থিক সমস্যায় রয়েছেন। এ সড়কে ৮০ থেকে ১০০ পরিবহন প্রতিদিন চলাচল করত। এর মধ্যে বেশিরভাগ পরিবহনই বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে ক্রয় করা।

তিনি বলেন, ব্রিজটি বন্ধ থাকায় পরিবহন মালিকরা তাদের গাড়ির কিস্তি পরিশোধ করতে পারছেন না। ব্রিজটি খোলার জন্য জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী পুলিশ সুপার, উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান পাইনি।

এ বিষয়ে জেলার সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, ধারন ক্ষমতা পাঁচ টন অথচ তার অধিক মালামাল নিয়ে পরিবহন চলাচল করে ব্রিজটি দিয়ে।

বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ। কোনো ভাড়ি যানবাহন যেন চলাচল করতে না পারে, সে জন্য ব্রিজের দুপাশে অ্যাঙ্গেল দিয়ে বন্ধ রাখা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com