বুধবার, ০৮ Jul ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে আগামী সোমবার থেকে সাঁড়াশি অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। অভিযানে ফুটপাত ও সড়কে নির্মাণসামগ্রী ও অবৈধ স্থাপনা পাওয়া গেলে জব্দ করে তাৎক্ষণিক নিলামে তোলা হবে।
‘আর অবৈধভাবে কাউকেই ফুটপাত ও সড়ক দখল করতে দেয়া হবে না’- এই স্লোগানে সকাল ৯টায় গুলশান ডিএনসিসি নগর ভবনের সামনে থেকে এই অভিযানের উদ্বোধন করবেন মেয়র আতিকুল ইসলাম। এরপর সকাল ১০টা থেকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা একযোগে ডিএনসিসির ৫টি অঞ্চলে অভিযান চালাবেন। মেয়রের উপস্থিতিতে এই অভিযান চলবে।
মেয়র আতিকুল বলেন, পরীক্ষামূলকভাবে এই অভিযান শুরু করছি। ফুটপাত বা সড়কে রাখা নির্মাণ সামগ্রীকে অগ্রাধিকার দেব। অভিযানকালে যত বড় ক্ষমতাধরই সামনে আসুক না কেন কাউকে ছাড় দেব না। এই কাজ শুরুর পর দেখব কী কী চ্যালেঞ্জ আসে। তারপর সে অনুযায়ী নতুন করে কর্মপরিকল্পনা তৈরি করব। এই কাজে সফল আমাদের হতেই হবে।
নগরকন্ঠ.কম/এআর