মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে মধুমতি নদীতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজের ৮ দিন পর মধুমতি নদী থেকে কলেজছাত্র হাবিল সিকদারের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর মধুমতি নদী খেয়াঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।
নিহত হাবিল সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার মানিকহার চরপাড়া গ্রামের মুসা সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ওসি এ এফ এম নাসিম জানান, সকালে টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুরে মধুমতি নদী খেয়াঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে স্বজনদের খবর দেয়া হলে তারা এটি নিখোঁজ হাবিল সিকদারের মরদেহ বলে শনাক্ত করে বাড়ি নিয়ে যায়।
প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার মধুপুর এলাকায় মধুমতি নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন কলেজ ছাত্র হাবিল সিকদার।
এরপর সেখানে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে। পরে খুলনা থেকে ফাসার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নদীতে উদ্ধার অভিযান চালালেও ওই কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে পারেনি।
নগরকন্ঠ.কম/এআর