মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে যানবাহন পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চাপ বেড়েছে।
এদিকে, সকাল থেকে আমানত শাহ ও চন্দ্র মল্লিকা নামের দুটি ফেরিতে যান্ত্রিক ত্রুটি থাকায় ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে।
এছাড়া নাব্যতা সংকটের কারণে ফেরিগুলো পারাপারে দ্বিগুণ সময় নিচ্ছে। এর ফলে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ট্রাকের সারি দীর্ঘ হচ্ছে।
বুধবার ( ৯ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা রাইজিংবিডিকে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, এ নৌপথে অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন পারাপার হতে পারলেও আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। এতে করে পাটুরিয়ার দুটি ট্রাক টার্মিনালে আটকা পড়েছে প্রায় তিনশো পণ্যবাহী ট্রাক। এছাড়া, পাটুরিয়া ঘাট এলাকায় প্রবেশের জন্য উথুলী সংযোগ সড়কে ৫০টির মতো পণ্যবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরও জানান, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় এ নৌপথে বাড়তি গাড়ির চাপ রয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় চাপ কমলে এসব ট্রাক ছেড়ে দেওয়া হবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের (বাণিজ্য বিভাগ) সহকারী ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল রাইজিংবিডিকে জানান, পাটুরিয়া ট্রাক টার্মিনালে প্রায় তিনশোর মতো পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকলেও বাস ও ছোট গাড়ি পারাপার হচ্ছে। আজ সকাল থেকে আমানত শাহ ও চন্দ্র মল্লিকা নামের দুটি ফেরিতে যান্ত্রিক ত্রুটি থাকায় তা মেরামতে রয়েছে।
এছাড়া, বনলতা নামের আরেক একটি ফেরি শনিবার থেকে ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে। ফলে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। এতে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে।
নগরকন্ঠ.কম/এআর