মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাভারে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য সিরাজুল ইসলাম সিরাজকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)- ৪ এর একটি দল। এসময় তিন নারীকে উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করে র্যাব। এর আগে মঙ্গলবার বিকেলে সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে সিরাজুল ইসলামকে আটক করে র্যাব।
আটক সিরাজুল ইসলামের গ্রামের বাড়ি যশোর জেলার অভয়নগরে। উদ্ধার হওয়া নারীরা হলেন- লিমা আক্তার (২২), পিয়াঙ্কা (২৯) ও তাসলিমা আক্তার আন্নি (২৭)।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সদস্য সিরাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সমাজের অসহায় নারীদের ভালো বেতনে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে পাচার করে আসছিলো। সম্প্রতি ভূক্তভোগী নারীরা র্যাব-৪ এর কাছে লিখিত অভিযোগ দিলে র্যাব সদস্যরা পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম সিরাজকে ধরতে মাঠে নামে। পরে মঙ্গলবার বিকেলে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে আমিনবাজার থেকে একটি গাড়িতে উঠানোর সময় হাতে নাতে পাচারকারী সিরাজুলকে আটক ও তিন নারীকে উদ্ধার করা হয়। পাচারকারী ওই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটক সিরাজুল ইসলামের বিরুদ্ধে ভূক্তভোগীদের পরিবার বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন।
নগরকন্ঠ.কম/এআর