মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরে বজ্রপাতে দুই তরুণ খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়ামে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ডা. মো. রফিকুল ইসলাম।
নিহতরা হলো— গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের মো. রুহুল আমিনের ছেলে নাদিম (১৬) এবং গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকার আব্দুল হাইয়ের ছেলে মিজান (১৬)। নাদিম আজমতপুর হাই স্কুলের দশম শ্রেণিতে এবং মিজান বরুদা এলাকার আইডিয়াল স্কুলের নবম শ্রেণিতে লেখাপড়া করতো।
নিহতের সহপার্টি ফরহাদ জানায়, তারা শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে আসে। তাদেরকে প্রশিক্ষক (কোচ) বাড়ি চলে যেতে বলেন এবং প্রশিক্ষকও চলে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে একটি ফুটবল নিয়ে কয়েকজন স্টেডিয়ামে ফুটবল খেলতে শুরু করে। হঠাৎ বজ্রপাতের শিকার হন ওই দুইজন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ডিউটি ডা. মো. রফিকুল ইসলাম জানান, ওই দুই তরুণকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
শহীদ বরকত স্টেডিয়ামের প্রশিক্ষক আনোয়ার হোসেন লিটন জানান, করোনার কারণে অনুশীলন বন্ধ রয়েছে। কয়েকজন বৃহস্পতিবার আসলেও তাদের বাসায় চলে যেতে বলা হয়। তিনিও বাসায় চলে যান। পরে শুনেছেন কয়েকজন বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল। তাদের মধ্যে ওই দুইজন বজ্রপাতের শিকার হয়ে মারা গেছে।
নগরকন্ঠ.কম/এআর