মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
নিহত পুলিশ উপ-পরিদর্শকের নাম শাহ জামাল (৩৭)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের সুলতান আহমেদের ছেলে। তিনি আশাশুনি থানায় কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বুধহাটা থেকে থানায় ফেরার পেথ চাপড়া পুরাতন ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নাজমুছ সাহাদাত নামে আরো এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, শাহ জামাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে বুধহাটা এলাকা থেকে থানায় ফিরেছিলেন। পথিমধ্যে
সাতক্ষীরা-আশাশুনি সড়কের চাপড়া ব্রিজের আগে পুরাতন ইউনিয়ন পরিষদ অফিস এলাকায় আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি বাঁশের ট্রাকের সাথে তার মোটর সাইকেলের ধাক্কা লাগে। এ সময় একটি বাঁশ তার পেটের ভিতর ঢুকে যায়। এতে গুরুতর জখম হলে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বাঁশ বোঝাই ট্রাকটিসহ এর ড্রাইভার কামাল হোসেনকে আটক করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর