মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ডা. লুৎফর রহমান নিজেই রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত কয়েকদিন ধরে জ্বর কাশিতে ভুগছেন। গলা ও শরীরে ব্যথা অনুভব করছিলেন। এ কারণে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি সাভার প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে নমুনা সংগ্রহ পাঠান। রাতেই তিনি কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পান। প্রাথমিকভাবে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। তিনি সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, ডা. লুৎফর রহমান করোনায় আক্রান্ত হলেও তিনি বাসা থেকে টেলিফোন কিংবা ভিডিও কলের মাধ্যমে তার দাপ্তিরিক কাজ চালাতে পারবেন। ইতোমধ্যে তিনি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার কার্যালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীর ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করে প্রশংসিত হয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই সদর উপজেলায় গঠিত করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করেন ডা. লুৎফর রহমান।
করোনাকালে শুধু নির্দেশনা নয়, করোনা উপসর্গ নিয়ে সাহায্য প্রার্থী মানুষ এবং আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ, ওষুধ দেয়া, মানসিক সাহস দেয়া, বাড়ি লকডাউন করা থেকে শুরু করে প্রতিটি কাজে নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
এ কর্মস্থলের আগে তিনি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
নগরকন্ঠ.কম/এআর