মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের দেড় সহস্রাধিক লোকের চিকিৎসাসেবার একমাত্র প্রতিষ্ঠান সোনামুখী কমিউনিটি ক্লিনিকটি ভাঙনঝুঁকিতে পড়েছে। লাগাতার বৃষ্টিতে ক্লিনিক ভবনের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এতে করে ক্লিনিকে সেবা নিতে আসা রোগীরা পড়েছে বিপাকে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ওই ক্লিনিকে গিয়ে দেখা যায়, ভবনে ঢোকার রাস্তায় বৃষ্টির পানি গড়িয়ে যাওয়ায় সেখানে চার ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে রোগীরা ওই গর্ত ডিঙিয়ে ক্লিনিকের ভেতর ঢুকতে পারছে না। বিশেষ করে এখানে প্রতিদিন সেবা নিতে আসা মা ও শিশু রোগীরা ক্লিনিকে ঢুকতেই পারছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মাণের আগেও ক্লিনিকের দক্ষিণ পাশে গভীর গর্ত ছিল। সেখানে পানি জমে থাকার কারণে ক্লিনিক ভবনটির দক্ষিণ পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ভবন কিছুটা দেবেও গেছে। ওই জমানো পানি আরো কিছুদিন এভাবে থাকলে যেকোনো সময় ভবনটিতে ধস দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ক্লিনিকে কর্মরত সিএইচসিপি বেলা দত্ত। তিনি জানান, কয়েক দিন পূর্বে এই অবস্থা সরেজমিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দেখে গেছেন। এখনই এর সমাধান না করলে যেকোনো সময় বিপদ ঘটতে পারে।
এ সময় সেবা নিতে আসা মনোয়ারা খাতুন জানান, ‘আমরা ম্যাছালপলরা কেমন হইরা এই ভাঙ্গা ডেঙ্গাইয়া হাসপাতালের ভিতরে ঢুকমু। এদিকে ভাইঙ্গা পড়ার ভয়ও আছে। না আইসাও উপায় নাই। ওই ম্যাডামের কাছে সাত দিন পর পর আসা লাগে।’
কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পারিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল জানান, ওই ক্লিনিকে ঢুকতে মূল রাস্তা থেকে প্রায় ২০০ মিটার পায়ে হেঁটে কাদা মাড়িয়ে যেতে হয়। রাস্তার জরুরি দরকার। আর ক্ষুদ্র মেরামতের জন্য এই ক্লিনিকের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। বরাদ্দ এলে সংস্কার করা হবে।
নগরকন্ঠ.কম/এআর