মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পাবনার ঈশ্বরদী পৌরসভায় এক যুবকের লাশ উদ্ধার করা হযেছে বলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ নাসির উদ্দীন জানিয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পৌরসভার সাঁড়া গোপালপুর মতি মোল্লার মোড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হৃদয় মাহমুদ (১৮) ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া ইসলামপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি সাঁড়া ঝাউদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সাঁড়া গোপালপুর গ্রামের ইসলাম হোসেনের মেয়ে খাদিজা খাতুনের (১৬) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হৃদয়ের। এই সুবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হৃদয় তার প্রেমিকার বাড়িতে গেলে বাড়ির লোকজন টের পেলে তিনি পালিয়ে চলে যান। কিন্তু ভুলে তার মোবাইল ফোনটি সেখানে ফেলে যান।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মোবাইলটি আনতে ফের ওই বাড়িতে গেলে খাদিজার স্বজনরা তাকে মারপিট করে। এক পর্যায়ে হৃদয় জ্ঞান হারিয়ে ফেললে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় খাদিজার ভাই আনিছ ও খালাতো ভাই সজিব। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কর্তব্যরত চিকিৎসক তাসনিম তামান্না স্বর্ণা জানান, হাসপাতালে আনার আগেই হৃদয়ের মৃত্যু হয়।
নিহত হৃদয়ের বাবা আব্দুল হালিম বলেন, ‘দুপুরে আমার ছেলের মোবাইলে ফোন করলে অন্য একজন ফোনটা রিসিভ করেন। সেসময় ছেলেটির আর্তচিৎকার শুনেছি, তারপর থেকে মোবাইলটি বন্ধ ছিল।’
ওসি সেখ নাসির উদ্দীন বলেন, ঈশ্বরদী হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হৃদয়কে খুনের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।
নগরকন্ঠ.কম/এআর