মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুরক্ষিত সড়কের জন্য ময়মনসিংহের ভালুকায় আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি গণসচেতনতামূলক কাজে অংশ নিয়েছে শুভসংঘ ভালুকা শাখার সদস্যরা। ওই সময় স্বেচ্ছাসেবীরা সুরক্ষিত সড়কের জন্য সর্বসাধারণকে সচেতন করতে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় শোভাযাত্রা ও মানববন্ধন করে। একই সময় তারা পথচারীদের মহাসড়ক পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার ও হালকা, ভারীসহ বিভিন্ন যানবাহনের চালকদের মহাসড়কে উল্টোপথে গাড়ি না চালানোর আহববান জানায়।
হ্যালো ভালুকার উদ্যোগে আজকের গণসচেতনতামূলক কর্মসূটিতে অভ্যুদয় ভালুকা, ভালুকা হেল্প লাইন, ব্রাদার্স ক্লাব ভালুকা, ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকা, প্রত্যাশা ফাউন্ডেশন, ধূমকেতু ব্লাড ফাউন্ডেশন, আল কোরআন ফাউন্ডেশন, অগ্রগামী উন্নয়ন সংস্থা ও শুভসংঘ ভালুকা শাখার সদস্যগণ অংশ নেন।
এর আগে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যালো ভালুকা’র কার্যালয়ে ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠানের সঞ্চালনায় স্বেচ্ছাসেবীদের এক পরামর্শমূলক বক্তব্য দেন ট্রাফিক পরিদর্শক কাজী আসাদুজ্জামান, কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি ও শুভসংঘ ভালুকার প্রধান উপদেষ্টা মোখলেছুর রহমান মনির, প্রথম আলোর প্রতিনিধি মো. মাহমুদুল হাসান ফুরাদ।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনারোধে স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে গত রবিবার (১২ সেপ্টেম্বর) থেকে সুরক্ষিত সড়কের জন্য ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় গণসচেতনতামূলক কর্মসূচি পালন করছে। প্রথম গত রবিবার সকালে ওই গণসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
নগরকন্ঠ.কম/এআর