মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে আরো সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে ১৫ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছে পূবালী ব্যাংক লিমিটেড।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সিন্ডিকেট সভাকক্ষে পূবালী ব্যাংক কর্তৃক বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্রে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংকের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের নিকট চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক এরশাদুল হক।
চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে শাবিপ্রবি উপাচার্য বলেন, সামগ্রিকভাবে সারা দেশে সুশাসন, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের মাপকাঠিতে দেশ সেরা আমাদের এ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গবেষণার বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পগুলো এগিয়ে নিতে পূবালী ব্যাংকের এই অনুদান অতীতের মতো কার্যকরী ভূমিকা রাখবে।
এ সময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক এরশাদুল হক।
উপস্থিত ছিলেন,পূবালি ব্যাংক সিলেট আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক মো.মশিউর রহমান খান, উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, পূবালী ব্যাংক শিবগঞ্জ শাখার ম্যানেজার এস এম মহিদুল ইসলাম, সিনিয়র অফিসার রাজু আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতকে আরো এগিয়ে নিতে আর্থিক সহায়তা দিয়ে আসছে পূবালী ব্যাংক।
নগরকন্ঠ.কম/এআর