মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

আশুলিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাভারের আশুলিয়ায় শরিফুল ইসলাম (১৩) নামে মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে প্রতিবাদের ঝড় ওঠে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ নামে ওই শিক্ষার্থীকে মারধরের বিষয়টি নিশ্চিত করেন।

তবে কোন মাদ্রাসায় ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে বলেনি পুলিশ।

এলাকাবাসী জানায়, গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার শ্রীপুরের নতুন নগর মথনেরটেক এলাকায় একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থী শরিফুলকে পিটিয়ে গুরুতর আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম। এ সময় ওই শিক্ষক আরেক শিশু শিক্ষার্থী রাকিব হোসেনকে বেঁধে রেখে ভয়ভীতি দেখান।

মাদ্রাসাটির শিশু শিক্ষার্থীরা জানায়, দুজনকে মারধর করার সময় আহত শিশুরা তাদের না মারতে অনুরোধ করলেও মন গলেনি ওই শিক্ষকের। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষক এক শিশুকে বেঁধে রেখে বেত দিয়ে অন্য শিশুকে মারধর করছেন। শিশুটি চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে খবর পেয়ে দুই শিশুর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

এদিকে, আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিশু শিক্ষার্থীকে মারধরের ভিডিও ভাইরাল হলে ঘটনাস্থলে যায় আশুলিয়া থানা পুলিশ। এলাকাবাসী পাষণ্ড ওই শিক্ষককে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ওই মাদ্রাসার শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, শ্রীপুর এলাকায় মাদ্রাসার এক শিক্ষার্থীকে মারধরের বিষয়টি অবগত হয়েছেন। তবে এখনো মাদ্রাসাটির নাম জানা যায়নি। এঘটনায় কোন অভিযোগ না পাওয়া গেলেও মানবিক দিক বিবেচনায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com