মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মিথ্যা মামলা দায়ের করে পুলিশকে হয়রানি করায় চট্টগ্রামের পতেঙ্গার নুরুল আবছারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পুলিশের বিরুদ্ধে নুরুল আবছারের দায়ের করা মামলা তদন্ত করতে গিয়ে সেটি মিথ্যা প্রমাণ পাওয়ার পর দুদক তার বিরুদ্ধে এই মামলা দায়ের করে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে এই মামলা করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ।
দুদক সূত্র জানায়, ২০১৮ সালের ১ জুন ৪০ বোতল বিদেশিমদসহ নুরুল আবছারকে গ্রেপ্তার করে পতেঙ্গা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠায় আদালত।
কারাগার থেকে বের হয়ে নুরুল আবছার ২০১৯ সালের ২৫ মার্চ পতেঙ্গা থানার তৎকালীন ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া; উপপরিদর্শক (এসআই) প্রণয় প্রকাশ, আবদুল মোমিন; সহকারী উপপরিদর্শক (এএসআই) তরুণ কান্তি শর্মা, কামরুজ্জামান, মিহির কান্তি; পুলিশের সোর্স মো. ইলিয়াছ, মো. জসিম ও মো. নুরুল হুদার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত সেই মামলা তদন্তের জন্য দুদককে নির্দেশ দেন।
মামলা তদন্তকালে দুদক জানতে পারে, নুরুল আবছার তালিকাভুক্ত মাদক কারবারি। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তালিকায় তার নাম রয়েছে। বিদেশিমদসহ গ্রেপ্তার করায় পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে তাদের হয়রানি করার জন্যই তিনি মামলা দায়ের করেন।
নগরকন্ঠ.কম/এআর