মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় তেরখাদা উপজেলায় এক পুলিশ সদস্যের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রী (৯) কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় অভিযুক্ত কনস্টেবল রেজাউল শিকদার (২৩) কে আটকের সত্যতা নিশ্চিত করেছেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার একটি গ্রামে শিশুটিকে ধর্ষণ করা হয়। চিকিৎসার জন্য শিশুটি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
রেজাউল উপজেলার মোকামপুর গ্রামের আলাম আলী শিকদারের ছেলে। তিনি নাটোর জেলা পুলিশ লাইনে কর্মরত। সম্প্রতি তিনি ছুটিতে বাড়িতে এসেছেন।
স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে রেজাউল শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রেজাউলকে হাতেনাতে আটক ও শিশুটিকে উদ্ধার করে। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।
ওসি স্বপন কুমার রায় জানান, ধর্ষণের অভিযোগে আটক রেজাউল কয়েক মাস আগে পুলিশে নিয়োগ পেয়েছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর