মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইল সদরের বেলটিয়াবাড়ী এলাকার বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে মো. তোফাজ্জল হোসেন (৩২) নামে এক রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই কেন্দ্রের পক্ষ থেকে ওই যুবক আত্মহত্যা করেছে বলে দাবি করলেও পরিবার বলছে, নির্যাতনের কারণেই মৃত্যু হয়েছে তার।
তোফাজ্জল গোপালপুর উপজেলার মৃত আব্দুল জব্বারের ছেলে।
নিহতের ভাই মো. উজ্জল বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর তার ভাইকে বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করানো হয়। তোফাজ্জলকে কেন্দ্রের দায়িত্বরত ব্যক্তিরা শারীরিকভাবে নির্যাতন করেছে। তাকে শারীরিকভাবে নির্যাতন না করার জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছে। বুধবার সকালে মোবাইল ফোনে খবর আসে, তোফাজ্জলের অবস্থা ভালো নয়। পরে আমরা এসে দেখি, তার মৃত্যু হয়েছে।’
এসময় তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
বৃজ মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মজিবুর রহমান তপন জানান, তোফাজ্জল বাথরুমের জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’
টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ফাঁসিতে ঝুলেই মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।’
নগরকন্ঠ.কম/এআর