মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে বিএসএফ মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ে বৈঠকে যোগদানের জন্যে চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন বিএসএফ-এর মহাপরিচালক শ্রী রাকেশ আস্তানা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

সেসময় দুই দেশের শূন্যরেখায় বিএসএফ-এর মহাপরিচালকসহ চার সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানান, বিজিবির ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উত্তর-পূর্ব রিজিউনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেন।

এছাড়া কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল এবিএম মহিউদ্দিন, সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইকবাল হোসেন সহবিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে শ্রী রাকেশ আস্তানা সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন পরিদর্শন করেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে ঢাকায় রওয়ানা হন তিনি।

বিজিবি সূত্র জানায়, ঢাকায় বিজিবির সদরদপ্তরে (পিলখানা) দুইদেশের মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সীমান্তে চোরাচালান বন্ধ, মাদকের অনুপ্রবেশ, সীমান্ত হত্যাকাণ্ড, বাংলাদেশ-ভারত সীমান্তের দুই দেশের যৌথ টহল জোরদারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির মহাপরিচালকসহ ১৩ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের পক্ষে মহাপরিচালকসহ ৬ সদস্যের প্রতিনিধিদল যোগদান করবেন।

তবে সফর নিয়ে বিজিবি কিংবা বিএসএফ-এর কোনো দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com