মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

খুলনায় ১৭১৭ দরিদ্র ক্ষুদে শিক্ষার্থী পেলো মোবাইল ফোন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লেখাপড়া নিরবচ্ছিন্ন রাখতে খুলনার হতদরিদ্র ১ হাজার ৭১৭জন ক্ষুদে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বুধবার দুপুরে সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে মোবাইল ফোন বিতরণের উদ্বোধন করেন।

এনার্জিপ্যাক এবং জি-গ্যাস এই উদ্যোগে আর্থিক সহযোগিতা করছে। এ ধরনের কার্যক্রম দেশের মধ্যে খুলনাতেই প্রথম।

সূত্র মতে, করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। লেখাপড়ার এই ক্ষতি পুষিয়ে নিতে পর্যায়ক্রমে টিভি, ইউটিউব ও ফেসবুকভিত্তিক অনলাইন ক্লাস এবং সর্বশেষে রেডিওর মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হয়। পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজও রেখে চলেছেন। কিন্তু দরিদ্র পরিবারে মোবাইল ফোন না থাকায় অনলাইন ক্লাস থেকে প্রাথমিকের অনেক শিশু শিক্ষালাভ থেকে বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত শিশুদের কথা ভেবে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের উদ্যোগে দরিদ্র শিশুদের মাঝে মোবাইল ফোন বিতরণ কার্যক্রম শুরু হলো।

উদ্বোধনকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, ‘সকল শিক্ষার্থীর মোবাইলফোন না থাকা আমাদের একটি সীমাবদ্ধতা। প্রাথমিক বিদ্যালয়ে ধনিদের চেয়ে দরিদ্র পরিবারের শিশুর সংখ্যা বেশি। প্রাথমিক শিক্ষা পর্যায়ে করোনাকালে শিক্ষা কার্যক্রম যাতে বন্ধ না হয়, তার জন্য খুলনা জেলা প্রশাসনের এমন উদ্যোগ নিঃসন্দেহে বিরাট ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে শিশুদের নিরাপত্তার স্বার্থে ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। বিদ্যালয় বন্ধ থাকার প্রভাব যাতে শিশুদের ওপর না পড়ে সেজন্য সংসদ টিভি, বেতার ও অনলাইন পাঠদান অব্যাহত আছে।’

তিনি সকল জেলায় এমন কার্যক্রম চালু করতে জেলা প্রশাসকদের আহ্বান জানান।

অনলাইনে জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন, খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) সোহেল আহমেদ।

এসময় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান উল্লাহ শরিফী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এএসএম সিরাজুদ্দোহা, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com