মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

গ্রীন রোডে ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : স্কুলের টিউশন ফি অর্ধেক কমানোর দাবিতে রাজধানীর গ্রীন রোডের ওয়াইডব্লিউসিএ স্কুলের অভিভাবকরা সড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছে। রবিবার সকাল ১১টায় স্কুলের সামনে গীন রোডে অভিভাবকরা মিছিল করেন। এর আগে টিউশন ফি ৫০ ভাগ কমানোর দাবিতে গত ১২ জুলাই স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহার কাছে স্মারকলিপি দিয়েছিলেন।

এ ছাড়া গত ২৬ আগস্ট স্কুলে অভিভাবকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। ৩ সেপ্টেম্বর স্কুলের সামনে গ্রীন রোডে শতাধিক অভিভাবক জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন।

খোঁজ নিয়ে জানা যায়, রবিবার সকাল ১১টায় শতাধিক অভিভাবক গ্রীন রোডে বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে সেন্ট্রাল হাসপাতালের কাছে গ্রীন রোড অবরোধ করে তারা। এ সময় অভিভাবকরা সেখানে সমাবেশ করে বক্তব্য দেন।

সমাবেশে অভিভাবকরা দাবি করেন, করোনার মহামারিতে দেশের অন্যান্য মানুষের মতো তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অনেকেই চাকরি হারিয়েছেন। কারো মাসিক বেতন অর্ধেক পাচ্ছেন। আবার কারও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে চরম দুর্বিষহের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এর মধ্যে বাড়ি ভাড়া দিতে না পেয়ে অনেক অভিভাবক বাসা ছেড়ে দিয়ে তাদের সন্তান নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। এ অবস্থায় স্কুলের বেতন ৫০ ভাগ কমিয়ে আনতে স্কুল কর্তৃপক্ষের মানবিক দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন।

সমাবেশে শেষে অভিভাবকদের একটি প্রতিনিধি দল স্কুলের অধ্যক্ষ, প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকবৃন্দের সঙ্গে দেখা করেন। শিক্ষকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে অভিভাবকবৃন্দ স্কুলের মাসিক বেতন কমানোর পক্ষে নানা ধরনের যুক্তি তুলে ধরেন। স্কুলের অধ্যক্ষ অনুভূতি সিনহা অভিভাবকদের দাবিগুলো নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com