মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার মুজিববর্ষে দেশের সব অঞ্চল ও স্থানে বিদ্যুতের সুষম উন্নয়ন ও বণ্টন নিশ্চিতে দৃঢ়প্রতিজ্ঞ। দেশে যত দ্রুত বিদ্যুতায়ন নিশ্চিত হবে, উন্নয়নও তত দ্রুতই ঘটবে। মুজিববর্ষে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের সব গ্রিড অঞ্চলে শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করা হবে।

সোমবার দুপুরে রাজশাহীর অফগ্রিড অঞ্চল তথা পদ্মার চরাঞ্চলসমূহে নর্দান ইলেক্ট্রিসিটি কোম্পানি লিমিটেডের (নেসকো) নিজস্ব অর্থায়নে হোম সোলার সিস্টেম স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে। বিদ্যুৎ পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী সুযোগ ও প্রযুক্তির ব্যবহার ব্যাপক হারে বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। স্মার্ট মিটার, স্মার্ট গ্রিড, স্ক্যাডা, ইআরপি, আধুনিক ট্রান্সফরমার সিস্টেম, ভূগর্ভস্থ ক্যাবল সিস্টেম- প্রভৃতি স্থাপনের মাধ্যমে দেশের প্রতিটি কোণে কোণে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেয়ার কাজ চলছে। এতে প্রতিদিন বিদ্যুৎ সেবার আওতা বাড়ছে। দেশের দুর্গম অঞ্চলের মানুষও বিদ্যুৎ সেবা পেয়ে উপকৃত হচ্ছেন।

তিনি বলেন, রাজশাহীর পদ্মা বেষ্টিত বিস্তীর্ণ চরাঞ্চল তথা গোদাগাড়ী উপজেলার চর আষাঢ়িয়াদহ, পবা উপজেলার চর মাঝাড়দিয়াড়, চর খিদিরপুর, চাঁপাইনবাবগঞ্জের চর আলাতুলি, চর নারায়ণপুর, চর পাকা, প্রভৃতি দুর্গম এলাকায় সোলার হোম সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎসেবা মানুষের কাছে ইতোমধ্যেই পৌঁছে গেছে। যেখানে কখনই বিদ্যুতের আলো পৌঁছানো সম্ভব ছিল না, বর্তমান সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সেসব দুর্গম অঞ্চলেও বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছে। এতে মানুষ নানাভাবে উপকৃত হচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, হোম সোলার সিস্টেম ব্যবহারে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। বর্তমানে দেশে ৫৮ লাখ সোলার হোম সিস্টেম ব্যবহার হচ্ছে। রাজশাহীর চরাঞ্চলে নেসকোর আওতায় বর্তমানে ১ হাজার ৫৭২টি সোলার হোম সিস্টেম সংযোগ প্রদান করা হয়েছে। এসব অঞ্চলে উপকারভোগী গ্রাহকের সংখ্যা ৬ হাজার ৫০০টি। এ সংখ্যা আরও দ্রুত বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

নেসকোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান একেএম হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাজশাহী-৩ এলাকার সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামসহ নেসকোর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও এলাকার জনপ্রতিনিধিরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com