মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সাভার উপজেলা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের ১১ মাস পর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এ তথ্য জানিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে এই কমিটি অনুমোদন দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

২০১৯ সালের ১৬ নভেম্বর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসিনা দৌলাকে সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মঞ্জুরুল আলম রাজিবকে সাধারণ সম্পাদক ঘোষণা দেন। তখন দ্রুত সময়ের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়ে যান তিনি। এরপর প্রায় ১১ মাসের মাথায় এ কমিটি ঘোষণা করা হলো।

এদিকে, দীর্ঘদিন পরে নতুন কমিটি ঘোষণা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সৎ, যোগ্য ও মেধাবীদের স্থান দেওয়া হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে নতুন মুখ আনা হয়েছে।

তিনি বলেন, কমিটির সকল নেতাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেশবাসীর মাঝে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এ কমিটির সকল নেতার শুভেচ্ছা জানিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com