মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

সাভারে সাংবাদিককে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকার সাভারে পরিবহনে চাঁদাবাজি ও মাদকের ভয়াবহতা নিয়ে টিভি চ্যানেলে অনুসন্ধানী দুটি প্রতিবেদন প্রকাশের পর প্রতিবেদককে গুলি ও বোমা মেরে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এরপর বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়া থানায় জীবনের নিরাপত্তা চেয়ে ডায়েরি করেছেন সময় টেলিভিশনের ঢাকা জেলা সাব-ব্যুরো প্রতিনিধি মোজাফ্ফর হোসেন জয়।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, সম্প্রতি সাভারে পরিবহনে চাঁদাবাজি ও মাদকের ভয়াবহতা নিয়ে দুটি অনুসন্ধানী প্রতিবেদন করেন জয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়া প্রেসক্লাবে বসে তিনি অন্য সাংবাদিকদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় মানিক নামে এক ব্যক্তি প্রেস ক্লাবে এসে সময় টেলিভিশনের সাংবাদিকের খোঁজ করতে থাকেন। পরে জয় এগিয়ে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ওই ব্যক্তি। এক পর্যায়ে গুলি করে ও বোমা মেরে হত্যার হুমকি দিয়ে কিছু বুঝে ওঠার আগেই সটকে পড়েন ওই ব্যক্তি।

ভুক্তভোগী সাংবাদিক জয় বলেন, অনুসন্ধানী প্রতিবেদন দুটি প্রচারিত হওয়ার পর সাভারে আলোচনার সৃষ্টি হয়। ঢাকা জেলা পুলিশ দ্রুত বিচার আইনে চাঁদাবাজি বন্ধে ডজনখানেক মামলা দায়ের করে, গ্রেপ্তার করা হয় দুই ডজনেরও বেশি অভিযুক্তদের।

আর এতেই ক্ষুব্ধ হয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com