মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর মা বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল হক ভূইয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই ছাত্রী বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ প্রধান অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করেছে।

ওই স্কুলছাত্রী জানিয়েছে, এলাসিন ইউনিয়নের সিংহরাগী গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. মাসুদ তার (ছাত্রীর) প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে বিরক্ত করতেন। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) মাসুদসহ তিন যুবক তাকে নৌকায় তুলে সিংহরাগি বিলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে বললে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা। বিষয়টি মঙ্গলবার ওই ছাত্রী বাবা-মাকে জানালে তারা সঙ্গে সঙ্গে দেলদুয়ার থানায় অবগত করেন। এরপর ছাত্রীকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর বাবা বলেন, ‘আমার একমাত্র মেয়ের যারা এভাবে নির্যাতন করেছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ স্থানীয় ইউপি সদস্য খন্দকার নুরুজজামান এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিসিৎসক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ওই স্কুল ছাত্রীকে দুপুরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টিম গঠনের পর পরীক্ষা করে প্রকৃত অবস্থা জানা যাবে।

ওসি সায়েদুল হক ভূইয়া জানান, ধর্ষণে অভিযুক্ত মাসুদকে আজ (বুধবার) বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুইজনকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com