মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

ঝালকাঠিতে বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পানি বেড়েই চলেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিন্মাঞ্চলের অন্তত ২০টি গ্রামের বসতঘর ও বিভিন্ন স্থাপনায় পানি ঢুকে পড়েছে।

এদিকে বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে দুইদিনের টানা বৃষ্টিপাতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

একদিকে বৃষ্টির পানি, অন্যদিকে জোয়ারের পানিতে শহর ও গ্রামের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় পানি ভেঙে যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা।

ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সাজেদুল বারি জানান, স্বাভাবিকের চেয়ে সুগন্ধা ও বিষখালী নদীতে ২/৩ ফুট পানি বেড়েছে। বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে এসব নদীর পানি প্রবাহিত হচ্ছে। পাশাপশি টানা বৃষ্টিতে পানি জমে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। বিষখালী নদীর ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে পড়েছে কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার নদী তীরের গ্রামগুলোতে।

এছাড়াও নলছিটি উপজেলার বিভিন্নস্থানে পানিতে তলিয়ে গেছে বসতঘর, ফসলের ক্ষেত ও মাছের ঘের। এতে বিপাকে পড়েছেন কৃষক, শ্রমিক, দিনমজুর, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com