মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সিরাজগঞ্জের কামারখন্দে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় শফিক (৩০) নামের এক যুবককে নির্যাতন করা সেই ফরহাদুল হক হ্যাপিকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এতথ্য নিশ্চিত করেছেন কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
গ্রেপ্তার হ্যাপি উপজেলার জামতৈল ইউনিয়নের রুহুল আমিন মাস্টারের ছেলে।
ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার ছাগল চোর সন্দেহে ওই যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন মো. ফরহাদুল হক হ্যাপি। বিষয়টি ফেসবুকে ভাইরাল হলে কামারখন্দ পুলিশের নজরে আসে। পরে কামারখন্দ থানার এসআই আফজাল হোসেন বাদি হয়ে মামলা করেন। এরপর রোববার ভোররাতে হ্যাপির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শফিক (৩০) নামের ওই যুবককে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগের কায়দায় পাশবিক নির্যাতন করেন ফরহাদুল হক হ্যাপি। নির্যাতনের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয় ও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
নগরকন্ঠ.কম/এআর