মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

পদ্মায় নৌকাডুবে নিখোঁজ ২ শিক্ষার্থীর খোঁজ মেলেনি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ফুপাত ভাই রিমনের খোঁজ পাওয়া যায়নি। তারা আর জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নৌকাডুবির পর থেকে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা অভিযান সমাপ্ত ঘোষণা করেন। ডুবুরি দল নদী থেকে উঠে গেছে।

নিখোঁজ সাদিয়া আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্রী ছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করেন। রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা এলাকায় চাচা জালাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। আর নিখোঁজ স্কুলছাত্র রিমনের বাড়ি নওগাঁ। সম্পর্কে তারা মামাত-ফুপাত ভাই-বোন।

রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, সাধারণত ২৪ ঘণ্টা পর লাশ পানিতে ভেসে ওঠে। কিন্তু দুই দিন চেষ্টা করেও নিখোঁজ দুইজনকে পাওয়া যায়নি। তাই ডুবুরি দল নদী থেকে উঠে গেছে।

তিনি বলেন, ‘এখন আমরা অপেক্ষা করছি। কোথাও ভেসে উঠলে আমাদের খবর দেওয়া হবে। তখন আমরা লাশ উদ্ধার করবো।’

এই নৌকাডুবির ঘটনায় দায়ের করা মামলায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। গত শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দামকুড়া থানায় রাজশাহী নৌপুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম বাদী হয়ে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী নৌপুলিশের পরিদর্শক মেহেদি মাসুদ জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৩ জন যাত্রী নিয়ে রাজশাহী নগরীর নবগঙ্গা এলাকায় পদ্মায় একটি নৌকা ডুবে যায়। পরে ১১ জনকে উদ্ধার করা হলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com