মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পানিতে তলিয়ে আমনের বীজতলার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনাসহ অন্যান্য নদীর পানি বেড়ে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিতে তালিয়ে গিয়ে রোপা আমন ধানের বীজতলার ক্ষতি হয়েছে।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নতুন করে যমুনায় পানি বৃদ্ধির কারণে জেলার কাজীপুর, সদর, তাড়াশ, শাহজাদপুর, চৌহালী, বেলকুচি ও উল্লাপাড়া উপজেলার রোপা আমন ধানের বীজতলাসহ উঠতি ফসল পানিতে তলিয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে ও কাজীপুর পয়েন্টে বিপদসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবু হানিফ বলেন, জেলার বন্যাকবলিত উপজেলাগুলোতে ৫ হাজার কৃষকের মধ্যে এক বিঘা করে মাষকলাই, ১ হাজার ২৪৫ কৃষকের মধ্যে রোপা আমন ধানের চারা ও ৮২টি ইউনিয়নের ৩২ জন কৃষকের মধ্যে সবজির চারা বিতরণ করা হয়। কিন্তু আবারও যমুনায় পানি বৃদ্ধি পাওয়ায় অনেকের বীজতলা তলিয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, এ বছরের বন্যা দীর্ঘস্থায়ী হয়েছে। মে মাসের শেষ থেকে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করে। আবারও নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে এবার বন্যা হওয়ার আশঙ্কা নেই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com