মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রংপুরে কেরোসিন ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী মোশাররফ হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ট্রাইবুনালের বিচারক যাবিদ হোসেন একই মামলার আরেক আসামি হত্যাকাণ্ডে সহযোগী হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডসহ উভয়কে এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় স্বামী পলাতক ছিলেন। আরেক আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ১৫ অক্টোবর রাতে রংপুর নগরীর মন্থনা এলাকায় স্বামী মোশারফ হোসেন যৌতুকের দাবিতে স্ত্রী মর্জিনা খাতুনের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরে দেন। এ সময় তার দাদা শ্বশুর হবিবর রহমান মর্জিনাকে জোর করে আটকে রাখে। মর্জিনার আহাজারি শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করায়। এসময় পুলিশ ও চিকিৎসকদের কাছে অগ্নিদগ্ধ মর্জিনা জবানবন্দি দেন, স্বামী ও দাদা শ্বশুর তাকে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ অক্টোবর তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে স্বামী মোশাররফ হোসেনকে মৃত্যুদণ্ড ও সহযোগী দাদা শ্বশুর হবিবর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডসহ উভয়কে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দিলেন বিচারক। একইসঙ্গে স্বামী মোশাররফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি ও ক্রোকি পরোয়ানা জারি করে নির্দেশ দেন আদালত।
রাষ্টপক্ষের আইনজীবী ছিলেন রফিক হাসনাইন।
নগরকন্ঠ.কম/এআর