মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানী ঢাকার পল্টন থানায় পুলিশের হেফাজতে থাকাবস্থায় মাসুদ রানা (৩৩) নামে এক যুবক মারা গেছেন। পুলিশের দাবি, নিহত ওই যুবক মাদকসেবী ও মাদকবিক্রেতা ছিলেন। থানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন যুগান্তরকে এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাসুদ রানাকে গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ে যান। তখন তার মাথায় আঘাত লাগে।
আর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার এনামুল হক গণমাধ্যমকে বলেন, গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর স্টেডিয়াম এলাকার পাশ থেকে মাসুদ রানা ও তার বন্ধু মমিনকে (৩৬) গ্রেফতার করে পল্টন থানার পুলিশ।
‘তাদের কাছ থেকে ১০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মাসুদ রানা অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে নেয়া হয়।’
তিনি বলেন, অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত উপকমিশনার এনামুল হক আরও জানান, মাসুদ রানা ও তার বন্ধু মমিনের বিরুদ্ধে পল্টন থানায় একটি করে মাদক মামলা রয়েছে।
মাসুদ রানার বাড়ি মানিকগঞ্জে। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নগরকন্ঠ.কম/এআর