সোমবার, ০৬ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

বিতর্কিত কোনো কাজ করবে না পুলিশ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, পুলিশ এমন কোনো কাজ করবে না যাতে পুলিশের বদনাম হয়, বিতর্কিত কোনো কাজ করবে না পুলিশ। জনগণের কল্যানেই কাজ করবে এবং সম্পূর্ণ পেশাদারিত্ব নিয়ে আইনের প্রয়োগ করবে পুলিশ। তিনি জানান, অতীতে এখানে পুলিশ কি করেছে এটা না ভেবে ভবিষ্যতের দিকেই পুলিশের দৃষ্টি এখন। টেকনাফের মানুষ, কক্সবাজারের মানুষ এখন নতুন পুলিশ দেখবে। যারা কক্সবাজারে নতুন পোস্টিং নিয়ে এসেছে এবং তারা আইনের বাইরে কোনো কাজ করবে না।

আজ বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ থানা পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, নতুন করে মাদক কারবারিদের তালিকা করা হবে, কারা মাদক ব্যবসায়ী সেটা জানতে হবে মাদক ব্যবসায়ীদের তালিকা যাছাই বাছাই করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে মাদকসহ সকল অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ। মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী সবাই সমান অপরাধী।

তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য সংস্থা মাদক নিয়ে কাজ করছে। সবার সাথে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে কাজ করা হবে।

গতকাল তিনি কক্সবাজার সদর মডেল থানা, রামু থানা, চকরিয়া থানা ও উখিয়া থানা পরিদর্শন করেন। পরিদর্শনের দ্বিতীয় দিন তিনি টেকনাফ থানা পরিদর্শনে যান। দুপুরে তিনি টেকনাফের বাহারছরা পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই টেকনাফে মেরিন ড্রাইভ রোডে বাহারছড়া পুলিশ চেকপোস্ট এ পুলিশের গুলিতে মেজর অব. সিনহা মো. রাশেদ খান নিহত হয়। এ ঘটনার দুই মাসের মধ্যেই কক্সবাজার জেলা পুলিশে সকল সদস্যদের গণবদলির পর নতুন পুলিশ সদস্য পোস্টিং দেওয়া হয়েছে। পুলিশের ভাবমূর্তি উদ্ধার করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com