সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

হাটহাজারীতে ৪ খাদ্য প্রতিষ্ঠানে র‍্যাবের অভিযান, সাড়ে ২৭ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সম্প্রতি ক্যাম্প স্থাপন করার পর প্রথমবারের মতো হাটহাজারীতে র‍্যাব ৭ সিপিসি ২ হাটহাজারী ক্যাম্পের বিশেষ অভিযানে হাটহাজারী পৌরসভার তিনটি ও জোবরা এলাকায় একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ২৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পর্যন্ত পরিচালিত এ অভিযানে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার ও র‍্যাব ৭ সিপিসি ২ হাটহাজারী ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিকের নেতত্বে র‍্যাব ফোর্স অংশগ্রহণ করে।

অভিযান পরিচালনা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভোক্তা অধিকার ও পরিবেশ আইন অমান্য করে খাদ্যের পণ্য উৎপাদন, ভেজাল রসায়নিক ব্যবহার, পোড়া তেল, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুদ রেখে ও বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য বাজারজাত করে আসছে এসব প্রতিষ্ঠান। এতে ভোক্তারা নানা প্রতারণার স্বীকার হচ্ছেন ও বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এমন সংবাদ পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিরতিহীন অভিযান পরিচালনা করে জোবরা এলাকার জিমি ফুডস্ বেকারীকে নানাবিধ অনিয়মের কারণে ১৭ লক্ষ টাকা, বাসি পচা খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অনিয়মের কারণে হাটহাজারী পৌর সহায়ক কমিটির সদস্য নাসির মেম্বারের মালিকানাধীন হাটহাজারী বাস স্টেশনের খাজা বেকারীকে সাড়ে ৬ লক্ষ টাকা, নিউ বিবাড়ীয়া বেকারীকে ৩ লক্ষ টাকা ও স্বপ্ন কনজিউমার প্রোডাক্টসকে ১ লক্ষ টাকা জরিমামানা করা হয়। উক্ত প্রতিষ্ঠানগুলোকে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সিলগালা করে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় চট্টগ্রাম জেলার ফুড ইন্সপেক্টরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বলেন, খাদ্যপণ্য উৎপাদনে নানা অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদ রাখা ও বিএসটিআই এর অনুমোদনহীন পণ্য বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা সহ সিলগালা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com