সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হবিগঞ্জ জেলার লাখাইয়ে অস্ত্রসহ ডাকাত সর্দার জালাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় লাখাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অজয় চন্দ্র দেব এ তথ্য নিশ্চিত করেন।
থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে লাখাই উপজেলার চিকনপুর ব্রিজের পূর্ব পার্শ্বে আল-আমিনের বাড়ি সংলগ্ন রাস্তায় ডাকাত দল অবস্থান করছে বলে খবর আসে। এ সংবাদের ভিত্তিতে লাখাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই সজীব দেব রায়, এসআই শ্রী বাবুল সিংহ, এসআই সফিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এ অভিযানে ডাকাত সর্দার জালাল মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। সে উপজেলার স্বজনগ্রাম (গাংপাড়হাটি) মৃত আবু মিয়ার ছেলে। পুলিশের অভিযান টের পেয়ে ডাকাত সর্দার জালাল মিয়ার সহযোগী ডাকাতরা ঘটনাস্থল থেকে ইঞ্জিনচালিত নৌকাযোগে পালিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া ডাকাত সর্দার জালাল মিয়ার কাছ থেকে একটি চাকু পাওয়া গেছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় ৩টি রামদা, ১টি লোহার শাবল, ২টি চাকু, ১টি প্লাসসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
প্রসঙ্গত, ডাকাত জালাল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি চুরি ও ডাকাতি মামলা আদালতে বিচারাধীন।
নগরকন্ঠ.কম/এআর