সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খাদ্যে মেয়াদোত্তীর্ণ রঙ এবং ফ্লেভারের ব্যবহারসহ কয়েকটি অপরাধে চট্টগ্রামের মেরিডিয়ান ফুডকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর কালুরঘাট শিল্প এলাকায় মেরিডিয়ান ফুডের কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
ম্যাজিস্ট্রেট পলাশ কুমার জানান, র্যাব-৭ ও বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন) চট্টগ্রামের বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে মেরিডিয়ান ফুডের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআইর অনুমোদনবিহীন পণ্য উৎপাদন, উৎপাদিত পণ্যে মেয়াদোত্তীর্ণ রঙ এবং ফ্লেভার ব্যবহার সরেজমিন উদঘাটন হয়। এ সব অপরাধে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়াও, একই এলাকার বিএসপি ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড নামের অপর একটি প্রতিষ্ঠানকে ভেজিটেবল ঘি, নুডুলস (২টি ব্র্যান্ড) ও সস (২টি ব্র্যান্ড) বিএসটিআইর লাইসেন্স ছাড়া উৎপাদন করায় ২১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে র্যাবের ম্যাজিস্ট্রেট ছাড়াও অংশ নেন বিএসটিআইর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. আশিকুজ্জামান, ঊর্ধ্বতন পরীক্ষক (মেট) মামুনুর রহমান।
নগরকন্ঠ.কম/এআর