সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নূরুজ্জামান লাল্টু খুনের ঘটনায় এজাহার নামীয় তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে দৌলতপুর থানার ওসি জহুরুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- মোমিনের স্ত্রী হিরামুন নেছা ও তার সহযোগী হেলাল উদ্দীন। শুক্রবার রাত ৯ টার দিকে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ এলাকার একটি বাড়ি থেকে মমিনের স্ত্রী হিরামুন নেছাকে এবং উপজেলা ফিলিপনগর এলাকা থেকে হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত লাল্টুর ভাই জাহিদুর ইসলাম বাদি হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন, যার নং ৫। মামলায় গ্রেপ্তার হওয়া দুজনসহ মোমিনের নাম উল্লেখ করে তিন জনকে আসামি করা হয়। এছাড়াও কয়েকজন অজ্ঞাত আসামি রয়েছেন।
নিহতের ভাই ও মামলার বাদি জাহিদুল ইসলাম জানান, এজাহারভুক্ত দুজন আসামি গ্রেপ্তার হয়েছে। তবে মূল দোষি মোমিনকে দ্রুত গ্রেপ্তার করা দরকার।
দৌলতপুর থানার ওসি জহুরুল আলম জানান, গ্রামীণ ব্যাংক কর্মকর্তা খুনের মামলায় দুজন এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মোমিনকেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গ্রামীণ ব্যাংকের ঋণের সাপ্তাহিক কিস্তির টাকা আদায় করতে মোমিনের বাড়িতে যান গ্রামীণ ব্যাংক কর্মকর্তা নুরুজ্জামান লাল্টু। সেখানে তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
ওইদিন রাত ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর-মরিচা কলেজ রোড সংলগ্ন দফাদার পাড়া এলাকার মোমিনের বাড়ির টয়লেট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মোমিন ওই এলাকার কচু দফাদারের ছেলে।
নগরকন্ঠ.কম/এআর