সোমবার, ০৬ Jul ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

ঢাকা-৫ উপনির্বাচন, উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নৌকায় ভোট চেয়েছেন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এর ধারাবাহিকতা রক্ষায় নৌকা মার্কায় ভোট চেয়েছেন ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনু।

তিনি বলেন, ১৭ অক্টোবর আপনারা সবাই ভোটকেন্দ্রে আসবেন। নিজের ভোট নিজে দেবেন। নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তাহলে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।

শুক্রবার সকালে ডিএসসিসি ৬০ নং ওয়ার্ডের রইচনগর স্কুলে এক নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ উপনির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না। বিশেষ অতিথি ছিলেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম অনু।

পরে বাদ জুমা স্কুলের সামনে থেকে শত শত নেতাকর্মী নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরু করেন। তিনি প্রচারপত্র বিলিসহ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এদিন হারুনর রশীদ মুন্নার নেতৃত্বে প্রায় ১২টি স্থানে নির্বাচনী পথসভাও হয়।

এদিকে নির্বাচনকে সামনে রেখে কোনাপাড়া-ডগাইর ও বাঁশেরপুল, শাহজালাল রোড, চিশতিয়া রোডসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী মিছিল-শোডাউন করেছেন ৬৪ নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল আলিম খান ও সদস্য সচিব আবদুল আজিজ। এতে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সেলিম বাবু, মো. জাহাঙ্গীর হোসেন, মাহাবুব কিরন মানিকসহ স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতারা।

এদিকে কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ প্রচারণা চালিয়েছে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে যুবলীগের বিশেষ টিম নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চান। একই সাথে অলি-গলিতে খণ্ড খণ্ড মিছিল করেন যুবলীগের ওয়ার্ডভিত্তিক নির্বাচনী কমিটির নেতাকর্মীরা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com